Image description

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে যেন অশুভ ছায়া ভর করেছে। দীর্ঘদিনের একচ্ছত্র রাজত্বে একের পর এক ধাক্কা খাচ্ছেন তিনি। গত রোজার ঈদে বড় বাজেটের সিনেমা ‘প্রিন্স’ দর্শক টানতে ব্যর্থ হওয়ার পর আশা ছিল কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে ঘুরে দাঁড়াবেন কিং খান। কিন্তু সেই আশায় কেবল গুড়েবালিই নয়, বরং নতুন আপদ হিসেবে যুক্ত হয়েছে ‘পাইরেসি’।

মুক্তির মাত্র এক সপ্তাহ পেরোতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে ‘রকস্টার’ সিনেমার পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়েছে। মিউজিক্যাল ঘরানার সিনেমা হলেও এর কোনো গানই দর্শকপ্রিয়তা পায়নি, যা সিনেমাটির ব্যবসায়িক ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে যখন আশানুরূপ সাড়া মিলছে না, তখন বিদেশের বাজারে মুক্তির মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু পাইরেসির কারণে সেই স্বপ্নও এখন ফিকে হতে চলেছে।

শাকিব খানের সিনেমার ক্ষেত্রে পাইরেসি নতুন কোনো ঘটনা নয়। এর আগে তাঁর অভিনীত ‘প্রিন্স’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাগুলোও একই ভাগ্যবরণ করেছিল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট ও লিংক থেকে দেখা গেছে, বেশ কিছু অসাধু গ্রুপ পরিকল্পিতভাবে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এ নিয়ে সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের মাঝে উদ্বেগ তৈরি হলেও সিনেমাটির পরিচালক আজমন রুশো বা প্রযোজনা সংশ্লিষ্টদের কোনো জোরালো পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আজমন রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী ও দিলারা জামান।

চলচ্চিত্র বোদ্ধাদের মতে, গত দুটি ঈদে পরপর দুটি সিনেমার ব্যর্থতা শাকিব খানের ক্যারিয়ারের জন্য একটি সতর্কবার্তা। প্রযুক্তির এই যুগে পাইরেসি রোধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে ঢালিউডের এই মেগাস্টারের ভবিষ্যৎ আরও সংকটের মুখে পড়তে পারে।

মানবকণ্ঠ/আরআই