পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। দুবাইয়ের একটি সূত্রের দাবি, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তাদের মধ্যে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীরের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমণি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে পোস্টের ক্যাপশনে মাত্র এক শব্দ লেখেন— “মজা”।
পরীমণি তার এই মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার সময় বেনজীর আহমেদের নাম বিভিন্ন আলোচনায় উঠে এসেছিল। একই ঘটনায় পরীমণিকেও ঘিরে একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।




Comments