Image description

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) কারাগার থেকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদন মঞ্জুর করেন এবং তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে আরও টাকা নেওয়া হয়। মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।