Image description

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সাইবার বুলিং ও ট্রলের শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বুলিং, ভিকটিম ব্লেমিং এবং অনলাইন আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেন।

ভিডিওতে প্রভা বলেন, দীর্ঘদিন চুপ থাকলেও এখন নিজের অভিজ্ঞতা ও “জ্বালাময়ী কিছু সত্য” তুলে ধরার প্রয়োজন অনুভব করছেন। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিরাপত্তাহীনতা ও ব্যক্তিগত অসন্তোষ থেকে অন্যদের আক্রমণ ও ট্রল করেন।

তার ভাষ্য অনুযায়ী, যারা অনলাইনে অন্যকে অবমাননা বা বুলিং করেন, তারা অনেক সময় নিজেদের অবস্থান, যোগ্যতা বা জীবন নিয়ে অসন্তুষ্ট থাকেন। এই মানসিকতার কারণেই সেলিব্রিটি ও শিল্পীদের লক্ষ্য করে বেশি আক্রমণ আসে বলে মন্তব্য করেন তিনি।

প্রভা আরও বলেন, তাকে দীর্ঘ সময় ধরে বুলিং করা হচ্ছে এবং এটি অনেকের কাছে “বিনোদনের বিষয়” হয়ে দাঁড়িয়েছে। তবে তার মতে, শুধু ভুক্তভোগীকে নয়, যারা ব্যক্তিগত তথ্য ফাঁস বা ক্ষতিসাধন করেন, তাদেরও সামাজিকভাবে জবাবদিহির আওতায় আনা উচিত।

তিনি উদাহরণ টেনে বলেন, ধর্ষণ ও অ্যাসিড হামলার মতো অপরাধের ক্ষেত্রে যেভাবে অপরাধীর পরিচয় প্রকাশ করা হয়, সাইবার অপরাধের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা থাকা প্রয়োজন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/আরআই