Image description

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ৩ হাজার কোটি রুপির ব্যবসার রেকর্ড গড়ে নতুন ইতিহাস লিখেছে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। তবে সিনেমাটির এই আকাশচুম্বী সাফল্যের পাশাপাশি গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, সিনেমাটির চিত্রনাট্য নাকি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে লিখে দেওয়া হয়েছে। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সিনেমার অন্যতম অভিনেতা রাকেশ বেদি।

সিনেমাটিতে ‘জামিল জামালি’ চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হওয়া এই প্রবীণ অভিনেতা গত বুধবার (১৭ জুন) দিল্লিতে আয়োজিত ‘অমৃত রত্ন ২০২৬’ সম্মেলনে উপস্থিত হয়ে এমন গুঞ্জনকে নাকচ করে দেন। রাকেশ বেদি বলেন, “সিনেমাটি সুপারহিট হওয়ার পর কিছু মানুষ দাবি করতে শুরু করেন যে ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখে দেওয়া হয়েছে। আমি তাঁদের প্রশ্ন করি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি সিনেমার চটুল সংলাপ লিখতে পারেন? এমন কথা আসলে কেউ ভাবতেও পারে না।”

অ্যাকশন থ্রিলারে কমেডি যুক্ত করার অভিজ্ঞতা নিয়ে রাকেশ জানান, পরিচালক আদিত্য ধর শুরুতে কিছুটা ইতস্তত করলেও শুটিংয়ে তার কমিক টাইমিং সবাইকে মুগ্ধ করেছিল। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩ হাজার কোটি রুপির ব্যবসা করে ভারতীয় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয়কারী ফ্র্যাঞ্চাইজি হিসেবে রেকর্ড গড়েছে। এই মেগা প্রজেক্টে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুনের মতো তারকারা।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের জবাবে প্রতিবেশী দেশ পাকিস্তানও পাল্টা একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে, যা নিয়ে দুই দেশের দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর