কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’-এর সাবেক প্রতিযোগী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও জানা গেছে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় কৃষি থাপান্ডা ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন। নিহতের নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে অভিনেত্রীর ফ্ল্যাটে ছিলেন।
ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তে জানা গেছে, বৈশাখ বিষণ্নতার চিকিৎসা নিচ্ছিলেন এবং ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। পারিবারিক কলহের কারণে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন।
এ ছাড়া, ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ঘিরে আলোচিত চাঁদাবাজি ও হুমকিমূলক চিঠির একটি মামলায়ও বৈশাখ পুলিশের নজরদারিতে ছিলেন। গত ফেব্রুয়ারিতে কুরিয়ারের মাধ্যমে রেড্ডির কাছে ৬ থেকে ৭ কোটি টাকা দাবি করে এবং ক্ষমা চেয়ে একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনায় তদন্তের সময় এইচএএল থানার পুলিশ বৈশাখকে গ্রেপ্তার করেছিল। পুলিশের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে তিনি ওই চিঠি পাঠিয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দেন। এর আগে এইচএএল থানার পুলিশ তাকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে, বৈশাখের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: এনডিটিভি




Comments