Image description

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা এথা-এর টিজার, যেখানে তিনি মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকর-এর চরিত্রে অভিনয় করেছেন।

টিজার প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, নতুন লুক এবং চরিত্রে নিজেকে মেলে ধরার প্রচেষ্টা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে রোমান্টিক ও বাণিজ্যিক ধারার সিনেমায় জনপ্রিয়তা পাওয়া শ্রদ্ধা এবার এক সংগ্রামী শিল্পীর জীবনের গল্প তুলে ধরছেন। সিনেমাটিতে বীঠাবাঈয়ের শিল্পচর্চা, সামাজিক প্রতিবন্ধকতা এবং প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। টিজারের বিভিন্ন দৃশ্যে শ্রদ্ধাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে।

ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার। নির্মাতাদের ভাষ্য, এটি শুধু একজন শিল্পীর জীবনী নয়, বরং শিল্পের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগ এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণামূলক গল্প। পাশাপাশি বীঠাবাঈয়ের জীবনের অনেক অজানা দিকও সিনেমায় তুলে ধরা হবে।

জানা গেছে, ‘এথা’র টিজার প্রথম প্রদর্শিত হয় সদ্য মুক্তিপ্রাপ্ত ককটেল ২ সিনেমার প্রদর্শনীর সময়। পরে আনুষ্ঠানিকভাবে টিজার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়।

ছবিতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণদীপ হুডা। এই নতুন জুটিকে ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

শুটিং চলাকালে একটি দৃশ্য ধারণের সময় আহত হলেও কাজ বন্ধ না করে শুটিং সম্পন্ন করেন শ্রদ্ধা। চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতেও তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন বলে জানা গেছে।

এর আগে শ্রদ্ধা অভিনীত স্ত্রী ২ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘এথা’ নিয়েও প্রত্যাশা অনেক বেশি। আগামী ২৮ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: বলিউড লাইফ