Image description

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব শুরুর আগেই মাঠের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমর্থকদের এই বাকযুদ্ধে এবার ভিন্নমাত্রা যোগ করলেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতী। তাঁর একটি রসিকতাপূর্ণ ফেসবুক স্ট্যাটাস এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই শিল্পী আর্জেন্টিনার ‘রাউন্ড অব ৩২’-এর প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।”

কুদ্দুস বয়াতীর এই মন্তব্যকে অনেক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে একটি প্রচ্ছন্ন খোঁচা হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কেউ এই রসিকতা উপভোগ করছেন, আবার আর্জেন্টিনা সমর্থকেরা পাল্টা জবাবও দিচ্ছেন।

আর্জেন্টিনা এবার নকআউট পর্বের প্রথম ধাপে লড়বে কেপ ভার্দের বিপক্ষে। গ্রুপ পর্বেও আলবিসেলেস্তেরা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল—এমন দাবি নিয়ে আগে থেকেই সামাজিকমাধ্যমে ট্রল ও মিম ছড়িয়ে পড়েছিল। কুদ্দুস বয়াতী মূলত সেই বিষয়টিকেই ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন বলে ধারণা করছেন নেটিজেনরা।

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বে কোনো ম্যাচই আসলে সহজ নয়। এখানে একবার হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠের সেই লড়াইয়ের আগে কুদ্দুস বয়াতীর এমন মন্তব্য সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আমেজ সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/ডিআর