চলতি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার ৯টি দেশ। বিশ্ব ফুটবলে আফ্রিকান দলগুলোর ক্রমবর্ধমান শক্তিমত্তার আরেকটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।
এবার নকআউট পর্বে ওঠা আফ্রিকার দেশগুলো হলো— মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো ও আলজেরিয়া।
এর আগে কোনো বিশ্বকাপেই একসঙ্গে এতগুলো আফ্রিকান দল নকআউট পর্বে খেলতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি ভিন্ন আফ্রিকান দেশ নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছিল, যদিও কয়েকটি দল একাধিকবার সেই কৃতিত্ব দেখিয়েছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে আফ্রিকার মাত্র দুটি করে দল শেষ ষোলোতে উঠেছিল।
২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। একইভাবে কঙ্গোর নকআউট পর্বে ওঠাও টুর্নামেন্টের অন্যতম বড় বিস্ময়। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।
এদিকে, আলজেরিয়া নাটকীয়ভাবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। অস্ট্রিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের গোলেই ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয় উত্তর আফ্রিকার দলটি।
আফ্রিকার ৯টি দেশের একসঙ্গে নকআউটে ওঠা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বিশ্ব ফুটবলে আফ্রিকান দেশগুলোর ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক অবস্থানেরই প্রতিফলন।




Comments