ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলার সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলার পর এবার বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা।
‘বিগ বস ১৯’-এ গৌরব খান্নার বিজয়ের সময় স্ত্রী আকাঙ্ক্ষা তার পাশে ছিলেন। সে সময় এক আলোচনায় দুজনের সন্তান নেওয়া নিয়ে ভিন্ন মত সামনে আসে। আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তিনি সন্তান নিতে চান না। অন্যদিকে গৌরব বলেছিলেন, তিনি বাবা হতে চান। এরপর থেকেই এই মতপার্থক্য তাদের সম্পর্কের অবনতির অন্যতম কারণ কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। যদিও এ বিষয়ে গৌরব এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি ‘লক-আপ সিজন ২’-এ অংশ নিয়ে আকাঙ্ক্ষা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে এক প্রতিযোগীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিচ্ছেদের পর আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা নেই তার।
আকাঙ্ক্ষা বলেন, “আমি এখন আমার স্বাধীনতাকে উপভোগ করতে চাই। খুব অল্প বয়সে, মাত্র ২৪ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তাই নিজের মতো করে জীবনকে উপভোগ করার সুযোগ তেমন পাইনি। একটি সুন্দর সম্পর্কে ১০ বছর কাটানোর পর এবার নিজের জন্য কিছু সময় চাই। নতুন কিছু আবিষ্কার করতে চাই। তাই এই মুহূর্তে নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা নেই।”
তিনি আরও জানান, গত এক বছর ধরে তিনি ও গৌরব আলাদা থাকছেন। তাদের মধ্যে এখনো যোগাযোগ রয়েছে, তবে দাম্পত্য সম্পর্ক আর এগিয়ে নেওয়ার ইচ্ছা নেই। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন তারা।
এর আগেও চলতি বছরের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে ‘লক-আপ’-এ প্রথমবারের মতো আকাঙ্ক্ষা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। তিনি বলেন, “গৌরব ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।”
সামাজিক মাধ্যমে সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিচ্ছেদের খবরে ভক্তদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।




Comments