শুনতে অবিশ্বাস্য মনে হলেও ফুটবলে অসম্ভবের কোনো জায়গা নেই—এমন মন্ত্রেই উজ্জীবিত কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি-টু-এর হাইভোল্টেজ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সরাসরি জয়ের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইতিহাস গড়বে আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটি।
এবারের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট নিশ্চিত করেছে তারা। সৌদি আরবের বিপক্ষেও লড়াকু ড্র করে তারা প্রমাণ করেছে, ছোট দল হলেও বড় স্বপ্ন দেখার সামর্থ্য তাদের রয়েছে।
তবে নকআউটের মঞ্চে তাদের বাধাটা পাহাড়সমান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত অদম্য। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছে স্কালোনির শিষ্যরা। দলের প্রধান তারকা লিওনেল মেসি রয়েছেন অতিমানবীয় ছন্দে; তিন ম্যাচেই তিনি করেছেন ৬ গোল। গোল্ডেন বুটের দৌড়েও এখন শীর্ষে তিনি।
কাগজে-কলমে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও পরিসংখ্যান নিয়ে ভাবছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস তার আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, “আমি বিশ্বাস করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা শুধু খেলার জন্য নয়, জেতার জন্যই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু তাদের ক্ষুধার পরিমাণ বিশাল হয়, তখন অবিশ্বাস্য কিছু ঘটা সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “কেপ ভার্দের মতো ছোট একটি দেশের কাজই হলো বড় মঞ্চে মানুষকে চমকে দেওয়া। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জেতার শতভাগ সম্ভাবনা আছে। আমরা আমাদের ভাগ্য নিজেরাই লিখতে এখানে এসেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একই দৃঢ়তা ও জয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছেলেরা লড়বে। আমাদের লক্ষ্য পরিষ্কার—পরের রাউন্ডে ওঠা।”
বিশ্বকাপের ইতিহাসে ছোট দেশগুলোর বড় দলকে হারানোর নজির কম নেই। তবে বর্তমান সময়ের বিধ্বংসী আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের এই ‘বিরাট’ স্বপ্ন বাস্তবে রূপ পায় কি না, তা দেখতে ফুটবল বিশ্বের চোখ এখন এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments