চট্টগ্রামে নগরে ১২ হাজার এইচএসসি পরীক্ষার্থী কমলেও বেড়েছে উপজেলায়
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে এবারের পরিসংখ্যানে একটি বড় ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম মহানগরীতে আগের বছরের তুলনায় পরীক্ষার্থী প্রায় ১২ হাজার কমলেও, উপজেলা পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৮২৪ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যে বোর্ডের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের পরীক্ষায় চট্টগ্রাম মহানগর থেকে অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। তবে এবার সেই সংখ্যা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮৩ জনে। অর্থাৎ শুধু নগর এলাকাতেই পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৭৯৭ জন। পরিসংখ্যানে দেখা গেছে, নগরে সবচেয়ে বেশি কমেছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা, যা প্রায় ৬ হাজার ৭৯৮ জন।
অন্যদিকে, মহানগরের বাইরে উপজেলার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। সেখানে নতুন করে ১০ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী বেড়েছে। এর মধ্যে ছাত্র বেড়েছে ৩ হাজার ৯৯৪ এবং ছাত্রী বেড়েছে ৬ হাজার ৮৩০ জন।
সামগ্রিকভাবে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ২৮৭ জন। বিভাগওয়ারী তথ্যমতে, মানবিক বিভাগেই পরীক্ষার্থী কমার হার সবচেয়ে বেশি।
জেলাওয়ারী পরীক্ষার্থীর তথ্য:
কক্সবাজার জেলা: ১২ হাজার ২৫৫ জন।
রাঙামাটি জেলা: ৫ হাজার ৪৩৯ জন।
খাগড়াছড়ি জেলা: ৭ হাজার ৩৫৩ জন।
বান্দরবান জেলা: ৩ হাজার ৬৬৭ জন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা তদারকির জন্য ১৫টি সাধারণ ও ৮টি বিশেষ টিমসহ মোট ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
মহানগরে পরীক্ষার্থী কমে যাওয়া এবং উপজেলায় অস্বাভাবিক বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, "সুনির্দিষ্ট কোনো গবেষণা ছাড়া এই পরিবর্তনের কারণ বলা কঠিন। তবে আমরা পরীক্ষার পরিবেশ এবং মান রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছি।"
মানবকণ্ঠ/ডিআর




Comments