ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আমগুলো আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও সে রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে যার সবগুলোই উন্নত জাতের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে আমগুলো দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের দায়িত্বে থাকা শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে আমভর্তি পিকআপটি আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা পৌঁছায়।
আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন এই উপহারের আমগুলো মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরা রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেবে। প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’র অংশ হিসেবে এই উপহার পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments