জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এই আইনি পদক্ষেপের বিষয়ে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার দায়ে মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এই অভিযোগটি দায়ের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এক বক্তব্যে বলেছিলেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম এবং এটিকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া বড় ধরনের ধৃষ্টতা। সেই অবস্থানের পর থেকেই আন্দোলনবিরোধী মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments