Image description

বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ের পর আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী গৌরী স্প্র্যাট। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি বিয়ে করেছেন এই যুগল। এরপর থেকেই গৌরীর ব্যক্তিগত জীবন, পেশা এবং সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যম ও তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাটের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২৪ থেকে ৪০ কোটি ভারতীয় রুপি। ফ্যাশন স্টাইলিং, বিউটি সেলুন ব্যবসা এবং বিভিন্ন লাভজনক বিনিয়োগ থেকে তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। সেখান থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি পোশাক ডিজাইন ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

২০০৭ সালে তিনি ভারতের জনপ্রিয় বিউটি সেলুন চেইন বিব্লান্ট-এর সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনার পাশাপাশি আমির খান প্রোডাকশনস-এর বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে লন্ডনে যান। ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ৬১ বছর বয়সী আমির খান সম্প্রতি মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন।