Image description

মাতৃত্বকালীন বিরতির পর বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয়ে ফিরছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ দিয়ে। তবে মুক্তির আগেই ছবির একটি গান ও ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই এটি নিয়ে নানা বিতর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত প্রথম গান ‘তবাহি’-তে কিয়ারা ও অভিনেতা ইয়াশের রোমান্টিক রসায়ন দর্শকদের নজর কাড়লেও, তাদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন একাংশের নেটিজেন।

সমালোচকদের দাবি, অ্যাকশনধর্মী একটি সিনেমার প্রচারণায় এ ধরনের অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন ছিল না। কেউ কেউ এটিকে অশ্লীল বলেও মন্তব্য করেছেন।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘মুঘল-এ-আজম’-এ দিলীপ কুমার ও মধুবালার রসায়ন তাকে বরাবরই অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই তিনি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আগ্রহী হন।

কিয়ারার ভাষ্য, “বলিউডের বহু সিনেমায় প্রেমের রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এ ধরনের শরীরী ভাষার দৃশ্য খুব বেশি দেখা যায় না। এখানে প্রেমকে গভীর, আবেগময় এবং সর্বগ্রাসী অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে।”

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সমালোচনার আশঙ্কা আগেই করেছিলেন কিয়ারা। তাই ছবির কিছু অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার জন্য নির্মাতার কাছে অনুরোধও জানিয়েছিলেন তিনি। শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল, কোনো দৃশ্যেই তিনি অস্বস্তি বোধ করবেন না। কিন্তু চূড়ান্ত ফুটেজ দেখার পর তিনি বিস্মিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে চলচ্চিত্রটির নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।