দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এবার অভিনয় করতে যাচ্ছেন নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমায়। গোয়েন্দাকাহিনিভিত্তিক এ ছবিতে তিনি সম্পূর্ণ নতুন এক চরিত্রে পর্দায় হাজির হবেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্টি কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এ জন্য তিনি সিরিজের সব গল্প পড়ার পর ‘কালাপানির দিশা’ গল্পটি বেছে নিয়েছেন। তবে সিনেমার নাম একই থাকবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
পরিচালক জানিয়েছেন, সিনেমার কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। একই সঙ্গে ইধিকা পালের অভিনয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। তবে অভিনেত্রীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।
সম্প্রতি সিনেমার মহড়ার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ক্রিকেটের পোশাকে দেখা গেছে ইধিকাকে। এ থেকেই অনেকের ধারণা, নতুন সিনেমায় তিনি একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পারেন।
এদিকে ইধিকা পালও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু’। এরপর থেকেই ভক্তদের মধ্যে নতুন সিনেমা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। যদিও তার চরিত্র সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।




Comments