Image description

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে সারাদেশে পরিবারভিত্তিক তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো প্রকৃত উপকারভোগী যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সুযোগ নিতে না পারেন। এ লক্ষ্যেই দেশের প্রতিটি পরিবারের তথ্যভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় আনা হবে। এতে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলের আদর্শ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। এজন্য আমি নান্দাইলবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। নান্দাইলের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছি। এসব কাজ বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, নেতাকর্মী এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। এ সময় বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।