জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ব্যক্তিজীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রথম বিয়ে। সেই অতীতের স্মৃতি মুছে ফেলতে পারলে তিনি তা-ই করতেন বলেও জানান এই শিল্পী।
নব্বই দশকের শেষ দিকে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে কাজ করতে গিয়ে রবি চৌধুরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০০ সালের দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দেন। পরবর্তীতে ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও মতবিরোধ ও দাম্পত্য কলহের কারণে অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, “আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না।”
তিনি আরও জানান, অতীতের সেই অধ্যায় নিয়ে প্রকাশ্যে আর কোনো আলোচনা করতে চান না।
সংগীতজীবনের শুরুতে ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজর কাড়েন রবি চৌধুরী। প্রথম অ্যালবামের সাফল্যের পর একের পর এক জনপ্রিয় গান, প্লেব্যাক এবং দেশ-বিদেশের অসংখ্য মঞ্চ পরিবেশনার মাধ্যমে তিনি দেশীয় সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
সাক্ষাৎকারে তার বহুল আলোচিত গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। ‘ঘুরাও দুই নয়ন’ অ্যালবামের ওই গানটি সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
রবি চৌধুরী রসিকতার সুরে বলেন, “সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মধ্যে কলম দিয়েও মারা যায়।”
তিনি জানান, গানটি তার নিজের লেখা হলেও কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, সে বিষয়ে এখন আর কিছু বলতে চান না। অতীতের স্মৃতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার সিদ্ধান্তেই তিনি অটল বলে জানান এই সংগীতশিল্পী।
Comments