৪২ বছর বয়সে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না। বুধবার (২৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিশমা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কারিশমা ও তার স্বামী ব্যবসায়ী বরুণ বঙ্গেরা যৌথ পোস্টে সুখবরটি জানিয়েছেন।
পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্ট সোনা, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগতম।’ এ সময় নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ ঘোষণাপত্রও শেয়ার করেন তারা।
সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন হাজার হাজার অনুরাগী থেকে বিনোদন দুনিয়ার অনেকে। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। চার বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হলো। চলতি বছরের শুরুতে কারিশমা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন। এরপর নিয়মিতই গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
ছোটপর্দার জনপ্রিয় মুখ কারিশমা তান্না ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো আলোচিত ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পরে ওটিটিতেও সফলতা অর্জন করেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত হাশ হাশ এবং পরিচালক হংসাল মেহতার স্কুপ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর বিজয়ীও ছিলেন।
মানবকণ্ঠ/এমআর




Comments