সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি চুক্তি খুব শিগগিরই স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার হোয়াইট হাউসেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়টার্স জানায়, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার এ পারমাণবিক সহযোগিতা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরের সময় চুক্তির কাঠামোতে স্বাক্ষর করতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেদিনই আনুষ্ঠানিকভাবে চুক্তি অনুমোদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন রিঅ্যাক্টর জ্বালানি, সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানির আগে একটি ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ বাধ্যতামূলক।
সৌদি গেজেট জানিয়েছে, এই শর্ত মেনেই সৌদি আরব চুক্তি স্বাক্ষরে আগ্রহী।
‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ সাধারণত নিশ্চিত করে যে পারমাণবিক প্রযুক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যদিও সৌদি আরবের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এসব শর্তের বিষয়ে রিয়াদ এখনো পুরোপুরি রাজি হয়নি। তবু চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে পারে এবং সামরিক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে।
জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, ‘সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি ১২৩ পারমাণবিক চুক্তি হবে।’
সৌদি জ্বালানি মন্ত্রীও জানিয়েছেন, তারা পারমাণবিক কার্যক্রমে প্রয়োজনীয় সব শর্ত মানতে প্রস্তুত।
রয়টার্সের মতে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেশটি জ্বালানি বৈচিত্র্য এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। অন্যদিকে, পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অঞ্চলে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ আরও সুদৃঢ় করতে চায়।

