বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। তার এই অসুস্থতার খবর গুরুত্ব সহকারে প্রচার করছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, জার্মানির ডয়চে ভেলে, মধ্যপ্রাচ্যের গালফ নিউজ, ভারতের এনডিটিভি, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার অনলাইন এবং পাকিস্তানের ডন ও জি নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিন দিন ধরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত বা একই পর্যায়ে রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ এবং তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বর্তমানে যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।’
৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

