Image description

বিল গেটস। ফাইল ছবি

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য আবারও গভীর অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি স্বীকার করেছেন, এপস্টিনের সঙ্গে মেশা ছিল তাঁর জীবনের এক চরম বোকামি এবং এর জন্য তিনি প্রতিটি মুহূর্ত অনুতপ্ত।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টাইন মামলার আরও ৩০ লাখ নথি প্রকাশ করার পর বিল গেটস নতুন করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন। এর পরিপ্রেক্ষিতে 'নাইন নিউজ অস্ট্রেলিয়া'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গেটস বলেন, ‘তাঁর (এপস্টিন) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং আমি ক্ষমাপ্রার্থী যে আমি এমনটা করেছিলাম।’

প্রকাশিত নথিতে এপস্টিনের ই-মেইল অ্যাকাউন্টের 'ড্রাফট' বা খসড়া ফোল্ডারে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছিল, এপস্টিন গেটসকে বিভিন্ন নারীর সঙ্গ পেতে সাহায্য করতেন এবং গেটস তাঁর তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছে যৌনবাহিত রোগের তথ্য গোপন করেছিলেন।

এই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা দাবি করে বিল গেটস বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে জেফরি নিজের কাছেই একটি ই-মেইল লিখেছিল, যা কখনো পাঠানো হয়নি। ওই ই-মেইলের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। সে কেন এটা করেছিল বা আমাকে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল কি না, তা আমি জানি না।’

গেটসের দাবি অনুযায়ী, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁরা বেশ কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। গেটস জানান, এপস্টাইনের সঙ্গে তাঁর সম্পর্কের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক এবং বিশ্ব স্বাস্থ্যখাতের জন্য বিশাল অংকের তহবিল সংগ্রহ করা।

তিনি আরও বলেন, ‘সে (এপস্টিন) অনেক ধনী ব্যক্তিকে চিনত এবং বলেছিল যে সে তাদের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্যখাতে অর্থ অনুদান জোগাড় করে দিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি ছিল একটি ভুল পথ। তাঁর সঙ্গে সময় কাটানো আমার বড় ধরনের বোকামি ছিল। আমি সেই অনেক মানুষের মধ্যে একজন যারা তাঁকে চেনার জন্য আজ অনুতপ্ত।’

সূত্র: ইউএসএ টুডে

মানবকণ্ঠ/ডিআর