Image description

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে দেশজুড়ে চলছে ভোট গণনা। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, “নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, যাতে বোঝা যায় জনগণের পক্ষ থেকে কী ধরনের জনসমর্থন বা ম্যান্ডেট এসেছে। ফলাফল পাওয়ার পর আমরা সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করব।”

রণধীর জয়সওয়াল আরও পুনর্ব্যক্ত করেন যে, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে সবসময়ই তাদের অবস্থান বজায় রেখেছে।

এদিকে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে জামায়াতে ইসলামীর ‘অগ্রাধিকার’ বলে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।”

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বাংলাদেশে আমরা সবাই সমান নাগরিক। এখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজনকে আমরা সমর্থন করি না। সবাই প্রথম শ্রেণির নাগরিক হিসেবে নিজেদের অধিকার ভোগ করবেন।”

ভারত সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, এ বিষয়ে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন সারা দেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল আসার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব।

মানবকণ্ঠ/ডিআর