Image description

পাকিস্তানের করাচিতে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণটি বুধবার রাতে করাচির সোলজার বাজার ৩ নম্বর এলাকায় একটি তিনতলা ভবনের প্রথম তলায় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমে প্রয়োজনীয় সব সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, যার পেছনে সম্ভবত কোনো গ্যাস সাকশন মেশিনের ত্রুটি দায়ী।

নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও এক ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সরু রাস্তার কারণে ভারি সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এখনো অন্তত দুইজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: জিও নিউজ

মানবকণ্ঠ/ডিআর