Image description

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধানমন্ত্রী মোদির একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ওই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।’

জয়সওয়াল আরও জানান, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের নিরবচ্ছিন্ন সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান, তার ওপর ভিত্তি করে আগামী দিনে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ভারত অত্যন্ত আশাবাদী।

ব্রিফিংয়ে দুই দেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তা কাটিয়ে ওঠার নতুন পথ প্রশস্ত হচ্ছে। ভারতের এই সাম্প্রতিক বার্তা সেই সম্পর্কোন্নয়নেরই একটি শক্তিশালী ইঙ্গিত।

মানবকণ্ঠ/ডিআর