Image description

বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগি ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সৌদি কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারিসংক্রান্ত হালনাগাদ তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পর্যালোচনা করা হবে।

গালফ নিউজ বলছে, ২০০৪ সাল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণিজ রোগসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে তালিকা হালনাগাদ করে তারা।

যেসব দেশ থেকে ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ

ডিম আমদানি নিষিদ্ধের সৌদি তালিকায় রয়েছে বাংলাদেশ। এ ছাড়া আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, সাউথ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখাস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিময়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া ও কোত দিভোয়ার।

এদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গোর নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরে আংশিক বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে।

এ নিষেধাজ্ঞাকে সাময়িক বলে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট করে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা তাপ প্রক্রিয়াজাত পোলট্রি মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি তারা অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান মেনে চলে।

কর্তৃপক্ষ আরও জানায়, এসব পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি শংসাপত্র থাকতে হবে, যাতে নিশ্চিত করা হবে যে এগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস নির্মূল করে প্রক্রিয়াজাত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই