মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (Fifth Fleet) সদর দপ্তরে শক্তিশালী হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিকট বিস্ফোরণের শব্দের পাশাপাশি ঘাঁটির ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। এই হামলার পরপরই কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারের আকাশসীমায় অনুপ্রবেশ করা ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করেছে কাতার। তবে বাহরাইন ও অন্যান্য দেশে হওয়া হামলার বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা একে ‘শত্রুর আগ্রাসনের দাঁতভাঙা জবাব’ হিসেবে অভিহিত করেছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন ও ইসরায়েলি স্থাপনা এখন তেহরানের লক্ষ্যবস্তু। তিনি স্পষ্ট করে বলেন, "এই যুদ্ধে এখন আর কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা অবশিষ্ট নেই।"
ইরানের প্রথম দফার এই বড় ধরনের হামলার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলের দেশগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পাল্টাপাল্টি হামলা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments