ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ হামলায় আরও অন্তত ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA)।
মিনাব শহরের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আজ শনিবার সকালে ইসরায়েলি বাহিনী ওই বালিকা বিদ্যালয়টিতে ‘সরাসরি হামলা’ চালায়। হামলার সময় বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের বই-খাতা ও জুতো। এই নৃসংস হামলার ঘটনায় পুরো ইরানজুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সরাসরি হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments