মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট অত্যন্ত নিখুঁতভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যভেদ করে ধ্বংস করেছে।
এর আগে গত সোমবার (২ মার্চ) ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয় প্রযুক্তিতে তৈরি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিশেষ করে সোমবার সকালে ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর খবরটি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির পতন এবং কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। এছাড়া পাইলটদের জীবন বাঁচাতে ইজেকশন (প্যারাসুট নিয়ে বেরিয়ে আসা) করার দৃশ্যও দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
বুধবারের এই নতুন ঘটনার পর ওই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে এই বিষয়ে মার্কিন পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই দাবি মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments