Image description

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ 'আইআরআইএস দিনারে' মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনী বলেছে, ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। জাহাজটি ভারতে অনুষ্ঠিত একটি নৌমহড়ায় অংশ নিয়ে ফিরছিল।

মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি জাহাজটি ডুবিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন।

শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়, ইরানি জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে। জীবিত অবস্থায় ৩২ জন ক্রুকে উদ্ধার করা হয়। আহত এই ক্রুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যসূত্র: আনাদোলু, আইআরএনএ, মিডল ইস্ট মনিটর