আমাদের আন্তরিক সতর্কবার্তা দেওয়ার সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
ইরানকে আবারও সতর্ক করে তিনি বলেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করছে না।
স্থানীয় সময় সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে তুরস্ক।
সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর পরপরই এই মন্তব্য আসে।
নেটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে। নেটোর অন্য কোনো দেশ ইরানে অবশিষ্ট শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না।




Comments