শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার বদলে এবার ঘটা করে ‘প্রেম করার’ পরামর্শ দিচ্ছে একটি চীনা বিশ্ববিদ্যালয়। ভালো ফলাফলের প্রতিযোগিতার জন্য পরিচিত দেশটিতে এমন অদ্ভুত ঘোষণা সবাইকে চমকে দিলেও এর পেছনে রয়েছে দেশটির গভীর জনসংখ্যা সংকট ও অর্থনৈতিক মন্দা কাটানোর এক সুদূরপ্রসারী পরিকল্পনা।
চীনের সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এই বসন্তকালীন ছুটির ঘোষণা দিয়েছে। আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এই ছুটির মূল প্রতিপাদ্য বা থিম রাখা হয়েছে— ‘ফুল উপভোগ করো, ভালোবাসা অনুভব করো’। বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বইয়ের জগত থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে যেতে এবং একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে উৎসাহিত করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ১.৪ বিলিয়ন মানুষের দেশ চীনে এখন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে জন্মহার হ্রাস। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে এবং জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার অনীহা কাটাতে কর্তৃপক্ষ এখন এমন সব সৃজনশীল পথ খুঁজছে যা তাদের পরিবার গঠনে আগ্রহী করবে। এছাড়া ছুটির সময় ভ্রমণ ও অবসর যাপন বাড়লে অভ্যন্তরীণ ভোগব্যয় বৃদ্ধি পাবে, যা ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে।
চীনের কেন্দ্রীয় সরকার সম্প্রতি গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সিচুয়ান ও জিয়াংসুসহ বিভিন্ন প্রদেশ এবং সুজৌ ও নানজিংয়ের মতো শহরগুলো এপ্রিলে বিশেষ ছুটির পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মীদের অফ-সিজনে ভ্রমণের সুযোগ দিতে বেতনসহ ছুটির ব্যবস্থাও করা হচ্ছে।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বেইজিং এখন ‘শিশু-বান্ধব শহর’ গড়ে তোলার ওপর জোর দিচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও বিনোদন খাতে উন্নত জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। চীনা ট্রাভেল জায়ান্ট ‘ট্রিপ’-এর সহ-প্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, “তরুণদের বড় পরিবার গঠনে উৎসাহিত করতে হলে সমাজকে পর্যাপ্ত সময় ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের এই ‘প্রেম করার’ আহ্বান মূলত একাকীত্ব ঘোচানো এবং একটি সুস্থ পারিবারিক কাঠামো গড়ে তোলার প্রাথমিক ধাপ। এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।
মানবকণ্ঠ/আরআই




Comments