Image description

চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের হত্যার দায়ে তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে দেশটির বিচার বিভাগ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানিয়েছে, গত জানুয়ারি মাসের অস্থিরতার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ‘মাহারেবেহ’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ মতো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে ইসরায়েল (জায়নিস্ট শাসন) ও যুক্তরাষ্ট্রের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং ৮ ও ৯ জানুয়ারি তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরানি কর্তৃপক্ষের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভটি পরবর্তীতে বিদেশি প্ররোচনায় ‘দাঙ্গায়’ রূপ নিয়েছিল, যেখানে ব্যাপক হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সহিংসতার এই ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। তেহরান প্রশাসনের দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারীসহ ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ) জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে, যাদের অধিকাংশই সাধারণ বিক্ষোভকারী।

মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, প্রকৃত নিহতের সংখ্যা এবং দণ্ডপ্রাপ্তদের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মানবকণ্ঠ/ডিআর