Image description

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে ইরানকে চূড়ান্ত সময়সীমা (আল্টিমেটাম) দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে প্রণালীটি খুলে দেওয়া না হলে ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি বার্তা দেন। 

পোস্টে ট্রাম্প লিখেছেন, "ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে একে একে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো মাটির সাথে মিশিয়ে দেবে।"

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা এই আল্টিমেটামের ফলে নতুন মাত্রা পেল। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইরান হরমুজ প্রণালী দিয়ে সাধারণ জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে সেখান দিয়ে অত্যন্ত সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে তেহরান।

এছাড়া, ইরান পরিকল্পনা করছে যে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের ওপর তারা নির্দিষ্ট হারে শুল্ক আরোপ করবে। মূলত ইরানের এই সিদ্ধান্তের পরই ওয়াশিংটন কড়া অবস্থান নিলো। 

সূত্র: বিবিসি।

মানবকণ্ঠ/ডিআর