Image description

আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া টেনিসের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডনে যুক্ত হচ্ছে নতুন নিয়ম। এখন থেকে চেয়ার আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়রা তা চ্যালেঞ্জ করে ‘ভিডিও রিভিউ’ নেওয়ার সুযোগ পাবেন। 

শনিবার (২১ মার্চ) আয়োজক সংস্থা ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছর থেকেই উইম্বলডনে বল লাইনের ভেতরে না বাইরে পড়েছে তা দেখার জন্য ‘ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম’ চালু করা হয়েছে। তবে এবার যে নতুন প্রযুক্তি (ভিডিও রিভিউ) যুক্ত হচ্ছে, তা দিয়ে আম্পায়ারের অন্য কিছু সিদ্ধান্ত যাচাই করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, বল মারার আগে কোর্টে দুইবার ড্রপ খেয়েছে কি না (নট-আপ), বল খেলোয়াড়ের শরীরে লেগেছে কি না (টাচ) কিংবা কোনো ‘ফাউল শট’ হয়েছে কি না—এমন সব সিদ্ধান্তের বিরুদ্ধে খেলোয়াড়রা রিভিউ নিতে পারবেন। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের (ইন/আউট) বিরুদ্ধে এই নতুন প্রযুক্তিতে চ্যালেঞ্জ করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো খেলোয়াড় চাইলে বিতর্কিত মুহূর্তের সঙ্গে সঙ্গেই খেলা থামিয়ে রিভিউ চাইতে পারেন অথবা ওই পয়েন্ট শেষ হওয়ার পর আবেদন করতে পারেন। সাধারণত টেনিসে প্রতিটি সেটে দুটি করে রিভিউ পাওয়ার নিয়ম থাকলেও, এই নতুন প্রযুক্তির ক্ষেত্রে খেলোয়াড়রা যতবার ইচ্ছা আবেদন করার সুযোগ পাবেন।

মানবকণ্ঠ/ডিআর