ইরান ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং পতন ঠেকাতে তারাই প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের চারটি বড় বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগমুহূর্তে তেহরান থেকে ফোন আসে এবং তারা পারমাণবিক কর্মসূচি ত্যাগে নীতিগতভাবে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব দাবি করেন। তিনি বলেন, ‘সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার সব প্রস্তুতি আমাদের ছিল। ১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ওই স্থাপনাটি রক্ষা করতেই তারা আমাদের ফোন করেছে, আমি তাদের করিনি। তারা এখন একটি চুক্তিতে আসতে চায়।’
ট্রাম্প আরও দাবি করেন, আলোচনার মাধ্যমে প্রায় সব পয়েন্টে বড় ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। তবে কোনো চুক্তি হতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে- এক, কোনো যুদ্ধ থাকা চলবে না এবং দুই, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এই শর্তেই তেহরান রাজি হচ্ছে বলে দাবি তার।
বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসী হিসেবে জাহির করতে চাইছেন। তবে ফোনালাপ বা আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
মানবকণ্ঠ/ডিআর




Comments