Image description

ওভাল অফিসে এক অস্বস্তিকর রসিকতার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন বলে জানা গেছে।

‘পিপল’ ম্যাগাজিনের ১ এপ্রিলের এক প্রতিবেদনে বলা হয়, ৭৯ বছর বয়সী ট্রাম্প অভিযোগ তোলেন যে, সাম্প্রতিক সময়ে তিনি যে ‘নেতিবাচক প্রচারণা’র শিকার হচ্ছেন, তার পেছনে লেভিটের কোনো ভূমিকা থাকতে পারে।

গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি ‘৯৩ শতাংশ খারাপ প্রচারণা’ পাচ্ছেন এবং মজা করে ইঙ্গিত দেন, হয়ত তার প্রেস সেক্রেটারি ঠিকমতো কাজ করছেন না।

এ সময় তিনি সরাসরি লেভিটের দিকে তাকিয়ে বলেন, ‘তুমি খুব ভালো কাজ করছ না,’-যা উপস্থিতদের মধ্যে অস্বস্তি তৈরি করে। তবে কিছুক্ষণ পরই তিনি হালকা সুরে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং হাসতে হাসতে বলেন, ‘আমরা কি তাকে রাখব? আমার মনে হয়, রাখাই যায়।’

পরে ইয়াহু নিউজের একটি প্রতিবেদনে হোয়াইট হাউসের এক প্রতিনিধি জানান, ট্রাম্পের এসব মন্তব্য আসলে রসিকতা হিসেবেই করা হয়েছিল। তবুও ঘটনাটি উপস্থিতদের মধ্যে বিস্ময় তৈরি করে।

চলমান গণমাধ্যমের সমালোচনার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তাকে নিয়ে প্রকাশিত অধিকাংশ সংবাদই ‘নেতিবাচক এবং ভুয়া’। তিনি আরও বলেন, তার নির্বাচনী জয়ের মাধ্যমে বোঝা যায়, ভোটাররা এসব প্রতিবেদনে আস্থা রাখেন না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি লেভিট প্রায়ই ট্রাম্পের আকস্মিক মন্তব্যের কেন্দ্রবিন্দুতে থাকেন। এর আগেও গত অক্টোবরে ট্রাম্প সাংবাদিকদের সামনে তার কাজের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট জানান, তিনি ও তার স্বামী নিকোলাস রিসিও তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। জানা গেছে, মাতৃত্বকালীন ছুটি হিসেবে তিনি মে মাস থেকে সাময়িকভাবে নিজের দায়িত্ব থেকে বিরতি নেবেন।