পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু সাইদ (৪৭), করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের আকরাম (৪৪) এবং ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের আব্দুল কুদ্দুস।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ তুলতে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হলে বজ্রপাত তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। একই সময়ে বারয়ানী গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে ফেরার পথে বজ্রপাতে মারা যান।
এ ঘটনায় সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) বজ্রপাতের শব্দে আহত হয়। তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় লিপিবদ্ধ করা হয়েছে৷




Comments