Image description

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন বলছেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো ওড়ানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘ দ্বীপ সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা দেখা গেছে। ধারণা করছি, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এ পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।’

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।