Image description

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে তৈরি হওয়া অস্থিরতার কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে। এর প্রভাব এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে শুরু করেছে, বাড়ছে জ্বালানি তেলের দাম।

এই বৈশ্বিক সংকটের আঁচ লেগেছে বাংলাদেশেও। হরমুজ প্রণালি পার হতে না পারায় সমুদ্রে আটকে পড়েছে বাংলাদেশগামী একাধিক তেলের জাহাজ, বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি চালান। তবে সংকট সমাধানে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে ঢাকা। তেহরানও বাংলাদেশগামী জাহাজ নিরাপদে চলাচলের বিষয়ে আশ্বস্ত করেছে।

সংকট চললেও এখন পর্যন্ত বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। তবে পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তেল পাওয়ার আশায় অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। সরকার বলছে, মূলত তেল মজুত করার প্রবণতা ও প্যানিক বায়িংয়ের (আতঙ্কিত হয়ে কেনা) কারণেই পাম্পগুলোতে এই ভিড় বাড়ছে।

এদিকে, শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছেন, উচ্চমূল্যে জ্বালানি আমদানির ফলে সরকারি তহবিলে যে চাপ তৈরি হয়েছে, তাতে দেশের স্বার্থেই খুব শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের (দাম বাড়ানোর) সিদ্ধান্ত নিতে হতে পারে।

বর্তমানে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

গ্লোবাল পেট্রোল প্রাইস ডটকমের গত ৩০ মার্চের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি লিটার পেট্রোল ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। সাধারণত তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোতে তেলের দাম কম হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণ তেল মজুত থাকার পরও সেখানে দাম বেশ চড়া। চলুন জেনে নিই কোন দেশে প্রতি লিটার পেট্রোলের দাম কত (বাংলাদেশি টাকায়):

লিবিয়া: ২.৮৭ টাকা

ইরান: ৩.৫ টাকা

কুয়েত: ৪১.৫৯ টাকা

কাতার: ৬৮.৯৮ টাকা

সৌদি আরব: ৭৬.১২ টাকা

ওমান: ৭৬.২২ টাকা

বাহরাইন: ৭৬.৩১ টাকা

ইরাক: ৭৯.৫৬ টাকা

ভুটান: ৮২.৮৫ টাকা

রাশিয়া: ১০১.৪৮ টাকা

আরব আমিরাত: ১০৯.৪৯ টাকা

আফগানিস্তান: ১১৬.৩১ টাকা

মালয়েশিয়া: ১১৭.২৪ টাকা

ভারত: ১৩২.৭৩ টাকা

যুক্তরাষ্ট্র: ১৩৯.৯৯ টাকা

চীন: ১৬৩.৫৯ টাকা

যুক্তরাজ্য: ২৪১.২৯ টাকা

অন্যদিকে, পাকিস্তানে বৃহস্পতিবার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। সেখানে বড় ধরনের মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে এখন প্রতি লিটার পেট্রোল কিনতে খরচ পড়ছে প্রায় ২০০ টাকার মতো।

মানবকণ্ঠ/আরআই