Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর ঘিরে নৌ-অবরোধ কার্যক্রম শুরু করেছে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) অবরোধ শুরুর কিছুক্ষণ পরেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কঠোর বার্তা দেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে তিনি বলেন, “ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে।

তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বল্পসংখ্যক তথাকথিত ‘ফাস্ট অ্যাটাক শিপ’-এর ওপর আমরা এতদিন আঘাত করিনি, কারণ সেগুলোকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।”

ট্রাম্প আরো লেখেন, “সতর্কবার্তা : এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতাধীন এলাকায় কাছাকাছি আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। সমুদ্রপথে মাদক চোরাচালানকারীদের নৌকা ধ্বংসে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এখানেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে।”

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, পরোয়া করেন না তিনি। পাকিস্তানের আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ফ্লোরিডা থেকে ফেরার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ফলে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।