Image description

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি। এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কেবল ভোটের স্বার্থে ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলা’র নীতিতে বিশ্বাস করেন।

ওয়াইসি অভিযোগ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের গবাদি পশুর মতো ব্যবহার করেন। ভোটের সময় তাদের দুধ দোহন করেন এবং কাজ শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে দেন।” তিনি আরও প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কেন মুসলিম প্রধান এলাকাগুলোতে স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছেন না।

তৃণমূল নেত্রীর বিজেপি-বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ওয়াইসি বলেন, মমতাই পশ্চিমবঙ্গে বিজেপির ভিত শক্ত করতে সহায়তা করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৯৮ ও ১৯৯৯ সালে বিজেপির প্রথম সংসদীয় জয়ে তৃণমূলের ভূমিকা ছিল এবং গুজরাট দাঙ্গার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে যোগ দিয়েছিলেন।

নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে ‘বিজেপির বি-টিম’ হিসেবে অভিযুক্ত হওয়া প্রসঙ্গে ওয়াইসি বলেন, যারা আমাদের গালি দেয় তারা তখন কোথায় ছিল যখন লাখ লাখ মুসলিমকে দেশান্তরিত করা হয়েছিল? তিনি সাফ জানিয়ে দেন, এবারের নির্বাচনে তারা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও আসানসোলসহ বাংলার মোট ৯টি আসনে স্বতন্ত্রভাবে লড়াই করবেন এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জোটে যাবেন না।

তৃণমূলের বিদ্রোহী নেতা হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভাঙা নিয়ে তিক্ততা প্রকাশ করে ওয়াইসি বলেন, “হুমায়ুন কবীর আমাকে লায়লার মতো অবস্থায় ফেলে চলে গেছেন। তাঁর সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই।” সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পর হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ছিন্ন করে ‘মিম’।

মানবকণ্ঠ/আরআই