Image description

বগুড়ার শাজাহানপুরে বিয়ের দাবিতে এক তরুণী তার প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে আমরণ অনশন শুরু করেছেন। সোমবার সন্ধ্যা থেকে উপজেলার নয়মাইল জামালপুর মধ্যপাড়া এলাকায় প্রেমিক সিয়াম শাহেদের বাড়িতে ওই তরুণী অবস্থান করছেন। অভিযুক্ত সিয়াম স্থানীয় আব্দুল গণির ছেলে।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত ছয় মাস ধরে সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। এই সময়ের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তবে সম্প্রতি বিয়ের কথা বললে সিয়াম তা অস্বীকার করতে শুরু করেন এবং তার পরিবারও এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।

অনশনরত তরুণী বলেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে সিয়াম আমার জীবন নষ্ট করেছে। এখন সে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাচ্ছে না। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসেছি। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই।"

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত সিয়াম। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজিজুল ইসলাম জানান, তরুণীটি বিষের বোতল হাতে নিয়ে সিয়ামের বাড়িতে অনশন করায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর