মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কঠোর অবরোধ ও হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলের ট্যাঙ্কার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এই অবরোধের ঘোষণা দেয়।
সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটন সময় রাত ৮টা থেকে মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার কাজ শুরু করে। এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, অবরুদ্ধ অঞ্চলের কাছে আসা যেকোনো ইরানি জাহাজ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
তবে ট্রাম্পের এই হুমকি ও নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ‘রিচ স্টারি’ নামক একটি চীনা ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে এই চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, অবরোধ শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো জাহাজ যা পারস্য উপসাগর থেকে বের হতে সক্ষম হলো।
মাঝারি আকারের এই ট্যাঙ্কারটি বর্তমানে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করছে, যা সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে বোঝাই করা হয়েছিল। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’ ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
এদিকে এলএসইজির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ‘মুরলিকিশান’ নামের আরও একটি ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়েছে। এটি ইরাক থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে, যারা ইরানকে অবৈধভাবে টোল পরিশোধ করে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চালাবে, তাদের নৌবাহিনীর মাধ্যমে আটকানো হবে। তবে চীনের এই পদক্ষেপ ট্রাম্পের সেই কঠোর অবস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments