Image description

হরমুজ প্রণালি পাড়ি দিতে তৃতীয় দফায় নোঙর তুলেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’। হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালি-তে প্রবেশ করে এবং রাতের মধ্যেই প্রণালি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ইরানের কর্তৃপক্ষ শুক্রবার ঘোষণা দেয়, এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এরপরই একের পর এক জাহাজ নোঙর তুলে যাত্রা শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যে দেখা গেছে, শতাধিক জাহাজ পূর্ণ গতিতে হরমুজের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি এ বহরের শুরুর দিকেই রয়েছে এবং ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে যাচ্ছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর কোনো বাধা না থাকায় তারা নিরাপদে হরমুজের পথে এগিয়ে যাচ্ছেন।

বিএসসির এই জাহাজটি গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এবং বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন করছিল। ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও তখন অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালি পার হওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর-এ পৌঁছানোর কথা। যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারও অনুমতি না পাওয়ায় জাহাজটি হরমুজের কাছাকাছি নোঙর করে ছিল।

অবশেষে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ প্রণালি অতিক্রমের পর জাহাজটি কেপটাউন বন্দরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে।

মানবকণ্ঠ/আরআই