Image description

ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার জোরালো অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি এই দুই শক্তিকে ‘কুফর ও ঔদ্ধত্যের সামনের সারির দুই বাহিনী’ হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

শনিবার (১৮ এপ্রিল) ইরানের ‘আর্মি ডে’ উপলক্ষে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বার্তায় মোজতবা খামেনি বলেন, "ইরানের সেনাবাহিনী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে দিয়েছে। আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর আঘাত হানছে। ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দিতে পুরোপুরি প্রস্তুত।"

খামেনি বর্তমান সংঘাতকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই তার সঠিক অবস্থানে রয়েছে এবং এটি জনগণের হৃদয় থেকে উঠে আসা সত্যিকারের জাতির সন্তান। বার্তায় তিনি তার পূর্বসূরি ও পিতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হবে। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবারও বড় ধরনের বোমা হামলা শুরু হতে পারে।

এদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড ‘খাতাম আল আম্বিয়া’ জানিয়েছে, ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করে অবরোধ অব্যাহত রাখায় তারা এই কঠোর অবস্থানে ফিরতে বাধ্য হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই একতরফা আচরণ আলোচনার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

মানবকণ্ঠ/ডিআর