Image description

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে ও বিশেষ সুযোগ-সুবিধা দিতে চালু করেছে ক্যাপ্টেনস কার্ড। এর আওতায় অধিনায়করা খেলা দেখা থেকে শুরু করে স্বাস্থ্যসেবাও পাবেন।

তবে শুধু অধিনায়কদের এমন সুবিধা দেওয়ায় সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক পেসার তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলব, এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়াড়।’

সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তাপস আরো লিখেছেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে।’

ক্ষোভ নিয়ে তাপস শেষাংশে লিখেছেন, ‘কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে, তারা করবে না। কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে। অধিনায়কদের হেলথ ইনস্যুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি।

এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেন কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’