Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মাঝেই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। দেশটি আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন এবং পুনরায় সজ্জিত করছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ এক কর্মকর্তা।

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি সম্প্রতি ‘নুর নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের সময় একটি সম্পাদিত ভিডিও দেখানো হয়, যেখানে কমান্ডার মুসাভিকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে।

মাজিদ মুসাভি বলেন, “যুদ্ধবিরতির এই সময়ে ইরান যেভাবে তার অস্ত্রের মজুত পুনর্গঠন করছে, শত্রুপক্ষ তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন এবং পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরুর আগের সময়ের চেয়েও অনেক বেশি।”

তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এই প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে কারণ তারা বিশ্বের দূরবর্তী অঞ্চলগুলো থেকে অল্প অল্প করে গোলাবারুদ সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। মুসাভি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “যুদ্ধের এই পর্যায়ে শত্রুপক্ষ পরাজিত হয়েছে। তারা হরমুজ প্রণালি, লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই প্রকাশ্য হুঁশিয়ারি এবং সামরিক প্রস্তুতির খবর চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই