নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে দেশের বর্তমান প্রাকৃতিক গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত আবিষ্কৃত উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত প্রায় ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে ২০২৫ সালের শেষ নাগাদ ২২.১১ টিসিএফ গ্যাস ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বর্তমানে দেশে নিট মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬৩ টিসিএফ।
মন্ত্রী সংসদকে জানান, দৈনিক গড়ে ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে বর্তমান মজুত দিয়ে ১২ বছরের মতো চাহিদা মেটানো যাবে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে পেট্রোবাংলার অধীনে ১০০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২৬টি কূপের খনন ও সংস্কার কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।
জ্বালানি মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন খনিজ সম্পদের সন্ধান পেতে বাপেক্সসহ বিভিন্ন সংস্থা ভোলা, জামালপুর ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সিসমিক জরিপ জোরদার করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলে দেশের জ্বালানি সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments